মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত যাযাবর পলাশ; চিকিৎসার জন্য দোয়া ও সহযোগিতা কামনা

মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত যাযাবর পলাশ; চিকিৎসার জন্য দোয়া ও সহযোগিতা কামনা
যাযাবর পলাশ। ছবি ফেসবুক

এ সময়ের গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী যাযাবর পলাশ এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে দিনাজপুরের শহীদ আসাদুল্লাহ আইডিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গত সোমবার (৯ জুন) নিজ বাড়ির আঙিনায় আম পাড়তে গিয়ে একটি ডাল ভেঙে যাওয়ায় হঠাৎ হাত ফসকে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। এতে তাঁর বাঁ পায়ের উরুতে গভীর ক্ষত তৈরি হয় এবং মূল হাড় ভেঙে দুই টুকরো হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষত স্থানে অস্ত্রোপচার (সার্জারি) করা হয়েছে, যা শুকাতে প্রায় ৫-৬ দিন সময় লাগবে। এরপর হাড়ের মূল অপারেশন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। যাযাবর পলাশ নিজেই এক বিবৃতিতে জানান, ‘আমি আমার সকল বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আবার ঢাকায় ফিরতে পারি। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে অনেকগুলো গানের প্রজেক্ট আটকে গেছে। আজ একটু নড়াচড়া বা কথা বলতে পারছি।’

এই দুর্ঘটনার পর তিনি চিকিৎসার খরচ বহনে চরম আর্থিক সংকটে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় দেড় লক্ষ টাকা খরচের একটি টার্গেট দিয়েছে যা হুট করে ব্যবস্থা করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

পলাশ আরও বলেন, ‘সত্যি বলতে, চিকিৎসার ব্যয় মেটানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। আল্লাহ যেন এই দুঃসময় কাটিয়ে উঠার তৌফিক দান করেন।’

বর্তমান আলো/নীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *