এসএসসিতে জেলার শীর্ষে ‘আপন’, পাশে কুড়িগ্রামের জেলা প্রশাসক

এসএসসিতে জেলার শীর্ষে ‘আপন’, পাশে কুড়িগ্রামের জেলা প্রশাসক
এসএসসিতে জেলার শীর্ষে ‘আপন’, পাশে কুড়িগ্রামের জেলা প্রশাসক

অসুস্থ মা ও পঙ্গু বাবাকে ঘিরেই নুরুন্নবী ইসলাম আপনের ছোট্ট জগৎ। বয়সে কিশোর হলেও সংসারের ভার কাঁধে তুলে নিয়েছেন অনেক বড়দের মতো দায়িত্ব নিয়ে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত গ্রাম আন্ধারীঝারে বেড়ে ওঠা এই মেধাবী ছাত্রটি একদিকে যেমন পরিবারের হাল ধরেছেন, অন্যদিকে কঠোর অধ্যবসায়ে নিজেকে গড়ে তুলেছেন শিক্ষার আলোয়।

সকালে ও বিকেলে তিনটি টিউশনি করে তিনি চালান পরিবারের খরচ, আর রাতের নিস্তব্ধতায় আলো জ্বলে ওঠে তার পাঠ্যবইয়ের পাতায়। এমন নিষ্ঠা ও আত্মত্যাগের ফলস্বরূপ এবার এসএসসি (কারিগরি) পরীক্ষায় ২৩৩০ নম্বর পেয়ে কুড়িগ্রাম জেলায় সর্বোচ্চ স্থান অর্জন করেছেন ‘আপন’।

তার এই অসামান্য সাফল্যের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার। এরপরই খোঁজখবর নিয়ে আজ সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিজ হাতে আপনের হাতে একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, “আপনের মতো মেধাবী, পরিশ্রমী ও দায়িত্ববান শিক্ষার্থীরাই সমাজের আলোকবর্তিকা। তার উচ্চশিক্ষার পথে যেন কোনো বাধা না আসে, তা আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।”

আপনের এই সাফল্যে গর্বিত আজ কেবল কুড়িগ্রাম নয়, গর্বিত সমগ্র বাংলাদেশ। সে হয়ে উঠেছে দেশের প্রত্যন্ত অঞ্চলের হাজারো সংগ্রামী শিক্ষার্থীর জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা, এক প্রেরণার নাম।

চেক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *