কুড়িগ্রামের চরাঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ১০ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (সাবেক বিএসএমএমইউ) সহযোগিতায় স্থানীয় এনজিও টেরেডেস হোমস-এর অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
“কুড়িগ্রামের চরাঞ্চলে স্বাস্থ্যসেবা, সেবাদান ও টিকাদান কার্যক্রমের উপর অনুসন্ধানমূলক প্রকল্প” শীর্ষক প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর, উলিপুর, রাজারহাট ও ভুরুঙ্গামারী উপজেলার মোট ২২ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের প্রফেসর ডা. আতিকুল হক (পিএইচডি), WHO-র স্থানীয় প্রতিনিধি ডা. আতিকুর রহমান, কো-অর্ডিনেটর সবুজ আহমেদ এবং রিসার্চ টিমের সদস্যরা।
জানা যায়, কুড়িগ্রামের চরাঞ্চলের স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নের পূর্বে টিকাদান ও সেবা বিষয়ে দু’মাসব্যাপী জরিপের অংশ হিসেবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
