টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনের জন্য কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। কিন্তু তিনি আসার খবর ছড়িয়ে পড়লে তাকে ঠেকাতে প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল। এরপর চাপের মুখে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে পরীমনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

পরীমণির ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাসে তিনি শিল্পী ও শোবিজ অঙ্গনেের প্রতি হওয়া হেনস্তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, দেশে শিল্পীরা ক্রমাগত বাধার মুখে পড়ছেন এবং তাদের সৃজনশীল কাজের স্বাধীনতা খর্ব হচ্ছে।

পরীমণি তার স্ট্যাটাসে মেহজাবীন চৌধুরী এবং পরশীসহ অন্যান্য শিল্পীদের নাম উল্লেখ করে বলেন, এর আগেও তারা এমন হেনস্তার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে শিল্পীদের ওপর এই আঘাত আনা হচ্ছে বলে তার অভিযোগ। স্ট্যাটাসে তিনি আরও বলেন, “এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা”।
তার এ বক্তব্যে তিনি সরাসরি প্রশ্ন তোলেন যে, যদি এমন পরিস্থিতি চলতেই থাকে, তবে দেশে সিনেমা এবং বিনোদন শিল্প বন্ধ করে দেওয়া উচিত। তিনি বলেন, “এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।”

পরীমণির এই স্ট্যাটাস ইতোমধ্যে বিনোদন জগতে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেছেন এবং শিল্পীদের নিরাপত্তা ও সৃজনশীল স্বাধীনতার পক্ষে আওয়াজ তুলেছেন।

উল্লেখ্য, পরীমণি এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে কথা বলেছেন এবং বরাবরই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তার এই সাহসী কণ্ঠ দেশের বিনোদন জগতের চ্যালেঞ্জগুলোকে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
