যমুনা সেতু মহাসড়কে যানযটমুক্ত ঈদযাত্রায় প্রশাসনের ব্যাপক তৎপরতা 

যমুনা সেতু
ঈদকে সামনে রেখে এবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে স্বস্তির সঙ্গে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন দ্বিগুণ যানবাহন চলাচল করলেও এই মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজট লক্ষ্য করা যায়নি। ফলে নির্বিঘ্নে চলাচল করছে পরিবহন।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বেলা দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সেতু পূর্বের টোলপ্লাজা এলাকা মোটরসাইকেলের দুটি লেনেই দীর্ঘ লাইন ছিল।
এদিকে, বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়ক, সেতু পূর্ব টোলপ্লাজা, সেতুর সিসি ক্যামেরা রুম পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, (কালিহাতী) সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ।
এ সময় যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিলসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে সাড়ে সাতশ পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত এবং জেলা পুলিশের প্রতিটি সদস্য তীব্র গরমকে উপেক্ষা করতে মহাসড়কে পরিশ্রম করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *