গান আমার আত্মা, প্রযুক্তি আমার উদ্যোগ

গান আমার আত্মা, প্রযুক্তি আমার উদ্যোগ
সাইফুল বারী

তিনি গান লেখেন, ভালোবাসেন সুরে ডুবে যেতে। আবার রাত জেগে ভাবেন কীভাবে প্রযুক্তি দিয়ে মানুষের দৈনন্দিন জীবন সহজ করা যায়। একদিকে তিনি গীতিকবি সাইফুল বারী, অন্যদিকে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান বারী ল্যাবস-এর প্রতিষ্ঠাতা। আজ গান নিয়ে নয়, কথা হয়েছে সম্প্রতি বারী ল্যাবসের নতুন অ্যাপ “মানি কেয়ার” নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন: রকিবুল ইসলাম আফ্রিদি। 

 

প্রশ্ন: আপনি তো গানের মানুষ, প্রযুক্তির উদ্যোক্তা হয়ে উঠলেন কীভাবে?

সাইফুল বারী: গান আমার আত্মা। অনেক বছর ধরে গান লিখছি। কিন্তু পাশাপাশি দেখতাম, আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যার কোনো সমাধান আসে না। প্রযুক্তির মাধ্যমে সেই জায়গাগুলোতে কাজ করার একটা ইচ্ছা ছিল। সেই ভাবনা থেকেই বারী ল্যাবস প্রতিষ্ঠা করি।

 

প্রশ্ন: “মানি কেয়ার” অ্যাপ তৈরির পেছনে কী অনুপ্রেরণা কাজ করেছে?

সাইফুল বারী: আমাদের আশেপাশের অনেকেই মাস শেষে খরচের হিসাব মেলাতে পারেন না। বিশেষ করে মধ্যবিত্ত আর প্রবাসীদের জন্য অর্থ ব্যবস্থাপনা কঠিন হয়ে যায়। আমি নিজেও এমন সমস্যায় পড়েছি। তখন ভাবলাম—এমন একটা অ্যাপ দরকার, যা সবার জন্য সহজ হবে, ব্যবহারবান্ধব হবে।

 

প্রশ্ন: এই অ্যাপে কী কী ফিচার থাকছে?

সাইফুল বারী: দৈনন্দিন আয় ও ব্যয়ের হিসাব সংরক্ষণ, মাসিক বাজেট নির্ধারণ, ব্যয়ের ধরন, অনুযায়ী বিশ্লেষণ, সকল দেশের মুদ্রা সাপোর্ট। এই সব কিছুই খুব সোজা ইন্টারফেসে থাকবে, যাতে প্রযুক্তিতে কম অভ্যস্তরাও ব্যবহার করতে পারেন।

 

প্রশ্ন: “মাই ওভারটাইম বিডি” অ্যাপ তো এর আগে বেশ জনপ্রিয় হয়েছে।

সাইফুল বারী: আলহামদুলিল্লাহ, সেই অ্যাপ এখন ৬৯ দেশে ৫ লাখ মানুষ ব্যবহার করছেন। তবে এটি শুধু প্রবাসীদের জন্য নয়—যাঁরা পৃথিবীর যেকোনো প্রান্তে ওভারটাইমে কাজ করেন, তাঁদের সময় ও আয় ম্যানেজমেন্টের জন্য এটা সহায়ক।

 

প্রশ্ন: গানের জগতে আপনার সাম্প্রতিক কাজ কী?

সাইফুল বারী: গান ছাড়িনি একদিনের জন্যও। সামনে কয়েকটা গান আসছে—একটা লোকধর্মী, একটা আধুনিক। এছাড়া শফি মন্ডলের কন্ঠে ‘অন্তরকাবা’ ও রাজীব শাহ্’র কণ্ঠে ‘পতিত জমিন’ শিরোনামে গান রিলিজ হয়েছে। দুটি গানের সুর ও সংগীত করেছেন হাফিজ বাউলা।

 

প্রশ্ন: আপনি কি মনে করেন, একজন গীতিকবি প্রযুক্তি উদ্যোক্তা হতে পারে?

সাইফুল বারী: অবশ্যই পারে। শিল্পী মানেই একজন স্বপ্নদ্রষ্টা। আমি চেষ্টা করি—যেখানে গান দিয়ে স্পর্শ করা যায়, সেখানে গান রাখি। আর যেখানে প্রযুক্তি দিয়ে জীবন সহজ করা যায়, সেখানে অ্যাপ বানাই।

 

প্রশ্ন: ভবিষ্যতে আর কী কী পরিকল্পনা আছে বারী ল্যাবসকে নিয়ে?

সাইফুল বারী: মানুষের বাস্তব সমস্যাগুলো চিন্তা করেই অ্যাপ বানাতে চাই। বিশেষ করে বাংলা ভাষাভিত্তিক ও গ্রামবাংলার উপযোগী কিছু অ্যাপ তৈরি করব—যেখানে প্রযুক্তি নিছক বিলাস নয়, বরং প্রয়োজন হয়ে উঠবে।

 

প্রশ্ন: এক কথায় আপনার পরিচয় কী?

সাইফুল বারী: একজন গানের মানুষ, যার স্বপ্ন এখন প্রযুক্তির পর্দায়ও ধরা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *