প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হলরুমে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক আয়োজন “ফিউচার রেডি উইথ তাহসান খান”।
অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী, শিক্ষাবিদ ও কর্পোরেট ট্রেইনার তাহসান খান। শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের ওপর কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী তার বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
তাহসান খান বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্যারিয়ার পরিকল্পনা, আত্মউন্নয়ন, মানসিক দৃঢ়তা এবং চ্যালেঞ্জ মোকাবেলার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীরা তার বক্তব্য থেকে ভবিষ্যৎ জীবনের জন্য বাস্তবমুখী দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ লাভ করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস ও অ্যাডমিন ডিরেক্টর আফরোজা হেলেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, “ফিউচার রেডি উইথ তাহসান খান” একটি ধারাবাহিক লেকচার সিরিজ, যার আওতায় আগামী ১২ মাস প্রতি মাসেই একটি করে চলমান বিষয়ের উপর বক্তৃতা প্রদান করবেন তাহসান খান।
