দীঘীর সিনেমা পেল ২২টি আন্তর্জাতিক পুরস্কার

দীঘীর সিনেমা পেল ২২টি আন্তর্জাতিক পুরস্কার
প্রার্থনা ফারদিন দীঘী ছবিঃ ফেসবুক

প্রার্থনা ফারদিন দীঘী অভিনীত ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমা ইতিমধ্যেই পেয়েছে ২২টি আন্তর্জাতিক পুরস্কার। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে তামান্না সুলতানা প্রযোজিত আব্দুস সামাদ খোকনের পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রে দীঘীর পাশাপাশি অভিনয় করেছেন গাজী আব্দুন নূর, সুব্রত বড়ুয়া, বাপ্পা শান্তনু, মাসুম বাশার, মিলি বাশার, সাদিয়া শিমুল প্রমুখ।

সম্প্রতি ব্যাংকক মুভি অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ প্রযোজক ও শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি সুইজারল্যান্ড, সুইডেন, ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতসহ নানা দেশের চলচ্চিত্র উৎসবে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমাটি ২২টি পুরস্কার পেয়েছে।

এ প্রসঙ্গে প্রার্থনা ফারদিন দীঘী বলেন, “‘শ্রাবণ জ্যোৎস্নায়’ আমার অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সিনেমাটি যে এতো আন্তর্জাতিক স্বীকৃতি পাবে, তা কল্পনাও করিনি। দর্শকদের ভালোবাসা এবং একটি মানসম্পন্ন টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য ছিল দারুণ অনুপ্রেরণাদায়ক। আমি কৃতজ্ঞ জানাতে চাই পরিচালক, প্রযোজক এবং পুরো টিমের প্রতি, যারা আমাকে এত সুন্দর একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন।”

প্রযোজক তামান্না সুলতানা বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু আমার নয়, এটি পুরো দেশের চলচ্চিত্রের জন্য এক গর্বের বিষয়। মানসম্পন্ন গল্প, দক্ষ নির্মাণ ও নিখুঁত অভিনয় থাকলে বাংলা চলচ্চিত্রও বিশ্বজয় করতে পারে। শুরুটা ছিল কঠিন, তবে বাবা-মায়ের অকুণ্ঠ সমর্থন ছাড়া এ পথ চলা সম্ভব হতো না।”

জনপ্রিয় গায়ক মনির খানের গাওয়া ‘ভবপারে লও আমারে বাইয়া’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় ও গান গেয়েছেন কণ্ঠশিল্পী অনিমা রায়। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার ও বিনোদ রায় দাস। চিত্রগ্রহণে ছিলেন আসাদুজ্জামান মজনু, সম্পাদনায় ছিলেন মনিরুল ইসলাম।

বর্তমান আলো/নীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *